স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে চায় সরকার: তথ্যমন্ত্রী
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৪:৩৭ | অনলাইন সংস্করণ

সরকার সবার সঙ্গে আলোচনা করে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন।
রবিবার (১৭ মে) সচিবালয়ে নবগঠিত টেলিভিশন সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিজ্ঞাপন পাওয়ার উদ্দেশ্যে কোনো পত্রিকা এখন থেকে ইচ্ছামতো প্রচার সংখ্যা দেখাতে পারবে না এবং টেলিভিশনের দর্শকসংখ্যা নির্ধারণে ভুয়া হিসাব গ্রহণযোগ্য হবে না—এ বিষয়টি নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরও বলেন, আধুনিক ডিজিটাল যুগে টেলিভিশন অনুষ্ঠান কত মানুষ দেখছে বা দেখছে না—তা নির্ভুলভাবে জানা সম্ভব। কিন্তু মুদ্রিত পত্রিকার ক্ষেত্রে এখনো সব জায়গায় প্রযুক্তিগত ব্যবস্থা পুরোপুরি চালু হয়নি, তাই সেখানে সঠিক সংখ্যা নির্ধারণে কিছু জটিলতা রয়েছে।
তিনি অভিযোগ করেন, এই সীমাবদ্ধতার সুযোগ নিয়ে কেউ কেউ অল্প পরিসংখ্যান দেখিয়ে কোটি দর্শকের হিসাব তৈরি করছে, আবার কেউ ভুয়া প্রচারসংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপন বণ্টনের চেষ্টা করছে—যা আর গ্রহণ করা হবে না।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সরকার কোনো ভুয়া কাঠামোর ওপর দাঁড়িয়ে কাজ করবে না এবং সে ধরনের সুযোগও দেবে না।
তিনি আরও জানান, সংবাদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে অস্থিরতা তৈরির বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে সম্পাদকীয় নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন সম্পাদক পরিষদের নেতারা।
