চালকের অদক্ষতাই বেশিরভাগ দুর্ঘটনার কারণ: সেতুমন্ত্রী

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৫:৪০ | অনলাইন সংস্করণ

চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রুটিযুক্ত যানবাহনের কারণেই দেশে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে সড়কে চলাচলে সাধারণ মানুষের অসচেতনতা এবং একই সড়কে ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহনের মিশ্র চলাচলকেও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

রোববার রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তার চেক বিতরণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সরকার ২ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় চালকদের প্রশিক্ষণ, চোখ পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা এবং মাদকাসক্তি শনাক্তকরণসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এতে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত ও আহতসহ জেলায় বিভিন্ন সড়ক দুর্ঘটনায় মোট ৬২ জনের মধ্যে ২ কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। রাজবাড়ী পৌর মিলনায়তনে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।