বাংলাদেশ থেকে আরও ৬ হাজার চালক নেবে দুবাই
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৭:৫৪ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে আরও ৬ হাজার চালক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে আগামী সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে চালক বাছাই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল।
রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা।
প্রতিনিধিদল জানায়, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পরিশ্রমে সন্তুষ্ট হয়ে প্রতিষ্ঠানটি তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিচ্ছে। এমনকি দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারীরা সফলভাবে চালকের দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করা হয়।
তারা আরও জানান, নতুন এই কার্যক্রমের আওতায় প্রথম ধাপে ১ হাজার ৫০০ চালক নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। সব মিলিয়ে চলতি বছরে বাংলাদেশ থেকে মোট ৬ হাজার চালক নিয়োগ দিতে চায় প্রতিষ্ঠানটি।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশি কর্মী নিয়োগের এই ধারা অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির কাছে অনুরোধ জানান, দুবাইয়ে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে যেন কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা রাখা হয়।
পাশাপাশি চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ অন্যান্য দক্ষ পেশাজীবী নিয়োগের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
