ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দমকা হাওয়া

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দমকা হাওয়া

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৪ মিনিটে।

এদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।

দমকা হাওয়া,বজ্রবৃষ্টির সম্ভাবনা,ঢাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত