চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৯:০৩ | অনলাইন সংস্করণ

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
তিনি জানান, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে মঙ্গলবার থেকে দেশে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৮ মে দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করা হবে।
এদিকে বিশ্বের বিভিন্ন দেশেও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার (১৭ মে) সবার আগে ঈদের তারিখ ঘোষণা করে তুরস্ক ও ইন্দোনেশিয়া। পরে মালয়েশিয়া, পাকিস্তান, ওমানসহ আরও কয়েকটি দেশ ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দেয়।
অন্যদিকে সৌদি আরবেও রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেওয়া হয়। ফলে দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে এবং আগামী ২৭ মে সেখানে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
