ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকাসহ আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

রাজধানী ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঢাকা ও আশপাশের এলাকার পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পাশাপাশি পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া আজ সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর ৫টা ১৪ মিনিটে সূর্যোদয় হবে।

ঝড়ের আভাস,৬০ কিলোমিটার বেগে,ঢাকাসহ আট অঞ্চল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত