ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ফুটপাতে হকার বসানো কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ফুটপাতে হকার বসানো কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আওতায় ফুটপাত ও সড়কে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালত আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

এর আগে ঢাকা শহরের ফুটপাত ও রাস্তা হকারদের বরাদ্দ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মো. সোহেবুজ্জামান। আদালতে রিটের পক্ষে শুনানিও করেন তিনি।

শুনানিতে অংশ নেন আরও কয়েকজন আইনজীবী। তারা হলেন— মো. ফিরোজ হাওলাদার, মো. ওবায়দুল্লাহ আল মামুন সাকিব, সুব্রত মণ্ডল, মো. মোরশেদুল ইসলাম, ইশরাত জাহান, তানিয়া নিশাত, জিনাত পারভীন, আলাউদ্দিন আল আজাদ, কোরাইশ সরকার, মো. নেওয়াজ শরীফ, শাম্মী আক্তার ও জামিয়া আক্তার শরীফ।

আদেশের পর রিটকারী আইনজীবী মো. সোহেবুজ্জামান সাংবাদিকদের বলেন, নীতিমালার মাধ্যমে রাস্তা ও ফুটপাত হকারদের জন্য বরাদ্দ দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এর ফলে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের অধিকার ব্যাহত হচ্ছে এবং নগরীতে তীব্র যানজট তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইনের ৩৭ ধারায় রাস্তার দুই পাশে অন্তত ১০ মিটার জায়গা খালি রাখার কথা বলা হয়েছে। কিন্তু হকারদের জন্য ফুটপাত বরাদ্দ দিয়ে সেই আইনের সরাসরি লঙ্ঘন করা হচ্ছে। জনগণের চলাচলের সুবিধা ও মৌলিক অধিকার রক্ষার স্বার্থেই এই রিট আবেদন করা হয়েছে।

জানতে চেয়ে রুল,কেন অবৈধ নয়,ফুটপাতে হকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত