অনলাইন সংস্করণ
১৩:২২, ১৯ মে, ২০২৬
জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ ক্ষেত্রে প্রচলিত আইনের পাশাপাশি গ্রাম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে আইনানুগ পদক্ষেপ নেওয়া জরুরি।
মঙ্গলবার (১৯ মে) সকালে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, আলোচনা, মধ্যস্থতা, সালিশ কিংবা সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যকর করা গেলে আদালতে বিচারাধীন মামলার চাপ কমবে। একই সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ দ্রুত সমাধান করাও সহজ হবে।
তিনি বলেন, শুধু জমিজমা নয়, প্রতিটি জনবান্ধব কর্মসূচির ক্ষেত্রেই জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় সরকার। দীর্ঘ সময়ের স্বৈরশাসনে মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ এখন রাষ্ট্র ও রাজনীতিতে নিজেদের অধিকার ও প্রত্যাশার প্রতিফলন দেখতে চায়। এ কারণে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে ‘ভূমি’ নামে একটি মুঠোফোনভিত্তিক সেবা চালু করা হয়েছে।
তিনি বলেন, জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিও তত সহজ হবে। অনলাইনের মাধ্যমে ভূমিসেবা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও হ্রাস পাবে