ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বেনগাজী থেকে ফিরিয়ে আনা হলো ১৭০ বাংলাদেশিকে

বেনগাজী থেকে ফিরিয়ে আনা হলো ১৭০ বাংলাদেশিকে

লিবিয়ার বেনগাজী থেকে আরও ১৭০ জন স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি উড়োজাহাজে তারা দেশে পৌঁছান।

দেশে ফেরা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হয়।

ফিরে আসা বাংলাদেশিদের বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে তাদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা অন্যদের জানানোর অনুরোধ জানানো হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে গত ৭ মে ১৭৪ জন এবং ১ এপ্রিল ১৭৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে একই উড়োজাহাজে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

১৭০ বাংলাদেশিকে,ফিরিয়ে আনা,বেনগাজী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত