
চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি ক্রুর মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম রাফিফং কালাহান (৩০)। তিনি থাইল্যান্ডের নাগরিক এবং এমটিকেপিপি০১ (MTKPP01) নামের জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম সানইয়াপং কালাহান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের চৌধুরী বলেন, কথা কাটাকাটির জের ধরে থাইল্যান্ডের এক নাবিকের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, অভিযুক্ত তুরাকর্ণ বুরুসিকে জাহাজ থেকে আটক করে প্রথমে আনোয়ারা থানায় নেওয়া হয়েছে। থাইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ভাঙার জন্য আনা হয়েছে বলে জানান তিনি।
আবা/এসআর/২৬