কর্মসংস্থান সৃষ্টিতেও বড় ভূমিকা রাখছে আনসার বাহিনী: প্রধানমন্ত্রী
প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:০০ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ আনসার বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান তৈরির পাশাপাশি দক্ষ জনশক্তি গড়তেও বাহিনীটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমির মিলনায়তনে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ ও ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। গ্রাম, শহর, বন্দর এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাতেও তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেও বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, দুর্যোগকালেও আনসার বাহিনী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা নিশ্চিত করেছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাহিনীটি একটি স্বতন্ত্র ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে মর্যাদা অর্জন করেছে।
প্রধানমন্ত্রী জানান, দায়িত্ব পালনের পাশাপাশি বাহিনীটি বিভিন্ন প্রযুক্তিনির্ভর কর্মকাণ্ডেও যুক্ত রয়েছে। আনসার বাহিনীর ১৩ হাজারের বেশি মুক্ত পেশাজীবী ও ক্ষেত্রভিত্তিক সদস্য বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রীতি গড়ে তুলতে কাজ করছেন। একইভাবে নগর এলাকায় টাউন ডিফেন্স সদস্যরাও নিরাপত্তা রক্ষায় অবদান রাখছেন।
তিনি বলেন, শুধু নিরাপত্তা নয়, সমাজে গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবেও আনসার বাহিনী কাজ করছে। সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিভিন্ন মাধ্যমে বিদেশে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী ইয়াদ আলী প্যারেড ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। পরে তিনি আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর মিলনায়তনে বক্তব্য দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় কর্মরত আনসার সদস্যদের সমস্যার কথাও শোনেন।
