অনলাইন সংস্করণ
১২:৫৪, ২০ মে, ২০২৬
রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপরাধে জড়িত ব্যক্তির রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।
বুধবার (২০ মে) রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, নিরাপদ, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ রাজধানী গড়ে তুলতে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রায় তিন কোটি মানুষের এই শহরে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও তথ্যপ্রযুক্তিনির্ভর অপরাধ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে গত ১ মে থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
ডিএমপি কমিশনার জানান, সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশের সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে। গোয়েন্দা কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার সম্প্রতি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে। এটি সাইবার সুরক্ষা আইনের মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজধানীর যানজট নিরসনে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি। গুরুত্বপূর্ণ সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা বসানো হয়েছে এবং চিত্রধারণের ভিত্তিতে ইলেকট্রনিক পদ্ধতিতে মামলা কার্যক্রমও চালু হয়েছে।
এছাড়া নাগরিকদের জন্য অনলাইনে সাধারণ ডায়েরি করার সুবিধা চালু করা হয়েছে। একই সঙ্গে ‘হ্যালো ডিএমপি’ এবং হোটেল বোর্ডার তথ্যব্যবস্থাও কার্যক্রমে রয়েছে বলে জানান তিনি।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, পশুর হাট, ঈদের জামাত, বিপণিবিতান ও আবাসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও জাল নোট চক্র ঠেকাতে গোয়েন্দা ও থানা পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বড় অঙ্কের অর্থ লেনদেনে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বানও জানান তিনি।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানাতে এবং প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজগুলোও তুলে ধরা উচিত, যাতে সাধারণ মানুষ আরও সচেতন হতে পারে।