দেশে হামের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, দাবি স্বাস্থ্যমন্ত্রীর
প্রকাশ : ২০ মে ২০২৬, ১৭:১৪ | অনলাইন সংস্করণ

দেশে হামের প্রাদুর্ভাব কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এ বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে দ্রুত টিকার ব্যবস্থা করেছে বলেও জানান তিনি।
বুধবার (২০ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে স্বাস্থ্যখাতে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারও কার্যকর পদক্ষেপ নেয়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজনের ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, বুধবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
