ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পদ্মার পর তিস্তা ব্যারাজ প্রকল্পও বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

পদ্মার পর তিস্তা ব্যারাজ প্রকল্পও বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও বাস্তবায়নের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে বর্তমান সরকার বড় বড় প্রকল্প হাতে নিচ্ছে।

বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে কৃষিজমিতে স্বাভাবিক পানি সরবরাহ নিশ্চিত করতে পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি জানান, সরকার তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে।

তিনি বলেন, “অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য নানা কথা বলতে পারেন। কিন্তু বর্তমান সরকার আবারও অঙ্গীকার করছে, শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও বাস্তবায়ন করা হবে।”

ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারকে বিপজ্জনক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে পরিবেশ ও দুর্যোগের ঝুঁকি বাড়ছে। মাটির নিচে পানির স্তর কমে যাচ্ছে এবং কৃষকেরা প্রয়োজনীয় পানি পাচ্ছেন না। এ কারণে সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, খাল খনন কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি কৃষি, দুর্যোগ মোকাবিলা ও ভূমিকম্পসহ নানা বিষয়ের সঙ্গে সম্পর্কিত।

প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একই সঙ্গে আবাসন ও বিভিন্ন অবকাঠামো নির্মাণের কারণে গাছপালা কাটা হচ্ছে এবং ফসলি জমি কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

তিনি জানান, নতুন যে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হচ্ছে, সেখানে অনেক মানুষ প্রশিক্ষণের সুযোগ পাবেন।

তারেক রহমান বলেন, “আমরা গরিব দেশ, আমাদের সম্পদ সীমিত। তাই সম্পদ রক্ষা করতে পারলে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে হবে।”

প্রকৃতিকে রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ সচেতন না হলে পরিবেশ ও প্রকৃতিকে টিকিয়ে রাখা কঠিন হবে।

ঘোষণা প্রধানমন্ত্রীর,তিস্তা ব্যারাজ,পদ্মা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত