অনলাইন সংস্করণ
১৪:৩১, ২১ মে, ২০২৬
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি জানিয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, গত রোববার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কার্যক্রম তদন্তের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেদিন শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন আদালত।
রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, গত ১৮ মাসে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বলে রিটে উল্লেখ করা হয়। তিনি বলেন, তদন্ত কমিশন আইন অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার বিষয়টি উপেক্ষা করতে না পারে।
অন্যদিকে রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, এই সময়ে ঘটে যাওয়া বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছিল। তদন্ত কীভাবে পরিচালিত হবে, সে সিদ্ধান্ত সরকারের ওপরই নির্ভর করবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, আগের শুনানিতে সরকারের অবস্থান জানাতে সময় নিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল। তবে বৃহস্পতিবার শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করে দেন।