অনলাইন সংস্করণ
১৬:২০, ২১ মে, ২০২৬
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রামিসা হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। বর্তমান সরকারের সময়ে সংঘটিত বিভিন্ন গুরুতর অপরাধের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে আসামিদের গ্রেফতার করেছে।
তিনি আরও জানান, শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করা হয় এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করা হবে এবং সংক্ষিপ্ত সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।
বিচারহীনতার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সব সময় বিচার বিলম্ব হয় এমন নয়। অনেক সময় আদালত ও আইনি প্রক্রিয়ার কারণে সময় লাগে। তিনি বলেন, অতিদ্রুত বিচার হলেও তা যেন ন্যায়বিচারের পরিপন্থী না হয়, সেটাও দেখতে হবে।
তিনি আরও বলেন, সরকারের মেয়াদ মাত্র তিন মাস চলছে, ফলে কিছু সিদ্ধান্ত নিতে সময় লাগছে। আইন সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেখানে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।
এর আগে আইন উপদেষ্টা মো. আসাদুজ্জামান বলেন, রামিসাসহ সাম্প্রতিক কিছু নৃশংস ঘটনা সমাজের মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব অপরাধ কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে আট বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা হয়।
পরে প্রধান অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয় এবং পরে সোহেল রানাকেও গ্রেফতার করা হয়। আদালতে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।