সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা

প্রকাশ : ২২ মে ২০২৬, ১২:৪৯ | অনলাইন সংস্করণ

সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে।

আজ শুক্রবার (২২ মে) প্রকাশিত আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এ সময় দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায়ও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির প্রবণতা থাকতে পারে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।