ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

কর্মস্থলে অনুপস্থিত থাকার প্রমাণ পাওয়ায় নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে ‘তাৎক্ষণিক বদলি’ (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। সম্প্রতি বরিশাল এবং ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয় পরিদর্শন করেন নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

তার আকস্মিক পরিদর্শনে অনুপস্থিতির প্রমাণ পাওয়ায় প্রতিমন্ত্রী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তাৎক্ষণিক বদলি করা ১৬ জনে মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগের নয়জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের দুইজন, বন্দর ও পরিবহন বিভাগের একজন এবং হিসাব বিভাগের একজনসহ মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

এছাড়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা- বিআইডব্লিউটিসির তিনজন কর্মকর্তা-কর্মচারীকে ‘তাৎক্ষণিক বদলি’ করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী বরিশাল ও ঢাকায় বিভিন্ন দপ্তর পরিদর্শনকালে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। এছাড়া অনেককে অফিসের নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হতে দেখা যায়।

এ ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে কার্যালয়ে উপস্থিত থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী।

একই সঙ্গে সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্ট্যান্ড রিলিজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত