অনলাইন সংস্করণ
১১:১৬, ২৩ মে, ২০২৬
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে স্বর্ণের দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
শনিবার (২৩ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম হবে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
এর আগে গত ২১ মে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।