অনলাইন সংস্করণ
১১:৫২, ২৩ মে, ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন এবং খাল পুনঃখনন কাজের সূচনা করতে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ শাখা বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে জাতীয়ভাবে উদ্যাপন করা হচ্ছে কবির ১২৭তম জন্মবার্ষিকী। আগামী সোমবার (২৫ মে) জন্মবার্ষিকী হলেও ঈদুল আজহার ছুটির কারণে এবার আগেভাগেই অনুষ্ঠানসূচি শুরু হয়েছে। শনিবার থেকেই শুরু হচ্ছে তিন দিনের আয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন। পাশাপাশি সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ত্রিশালের নজরুল মঞ্চ সাজানো হয়েছে নতুনভাবে। জন্মজয়ন্তী উপলক্ষে মঞ্চ ও আশপাশের এলাকা আলোকসজ্জা ও নান্দনিক সাজে প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়িয়েছেন।
এদিকে সাংস্কৃতিক অঙ্গনেও বইছে উৎসবের আমেজ। স্থানীয় শিল্পী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নিচ্ছেন।
নজরুলজয়ন্তীর উদ্বোধনের আগে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ১৯৭৯ সালে এই খালের খনন কাজের উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এ ছাড়া বিকেল ৫টায় ত্রিশাল নজরুল মিলনায়তনে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সূচি রয়েছে।