ঈদের আগে ছুটির শনিবারেও খোলা অফিস-ব্যাংক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১১:৫৯ | অনলাইন সংস্করণ

কোরবানির ঈদ উপলক্ষে সাত দিনের ছুটি শুরুর আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে চলছে সরকারি অফিস-আদালত। এর সঙ্গে মিল রেখে চালু রয়েছে ব্যাংকিং কার্যক্রমও।

তবে স্কুল, কলেজ বন্ধের সঙ্গে মিলিয়ে কিছু মানুষ বাড়তি দুইদিন ছুটি নিয়ে ঘরমুখো হওয়ায় ঢিমেঢালে চলছে সরকারি দপ্তরগুলো। কোরবানির পশু কেনাকে সামনে রেখে ব্যাংকে রয়েছে উপচেপড়া ভিড়।

সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তা মইন ইসলাম বলেন, “অফিস খোলা। মন্ত্রী-সচিব স্যাররা সবাই অফিস করছে। তবে কেউ কেউ ছুটিতে থাকায় কাজের চাপ একটু কম।”

বাণিজ্যিক একটি ব্যাংকের কর্মকর্তা জানালেন, অন্যদিনের তুলনায় ভিড় বেশি রয়েছে। কোরবানির পশু কেনাবেচা এবং অফিসের বেতন-বোনাস পরিশোধের জন্য লেনদেন বেশি হচ্ছে।

ঈদ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ব্যাংকও সাত দিন বন্ধ থাকবে; ছুটি শেষে ব্যাংক খুলবে ১ জুন।

তবে ছুটির আগে শনিবার ও রোববার সরকারি অফিস, আদালত ও সব ব্যাংকের সব শাখা খোলা থাকবে; লেনদেন হবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী।

সেই সঙ্গে দেশের রপ্তানি আয়ের প্ররতদের বেতন-বোনাস দেওয়ার সুবিধার্থে ২৫ ও ২৬ মে (সোম ও মঙ্গলবার) পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা থাকবে।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপ-শাখা ও বুথে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, কোরবানির ঈদ উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।