ঢাকা শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

হজযাত্রায় সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি

হজযাত্রায় সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৯৯টি ফ্লাইটে মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে হজ অফিস।

শুক্রবার (২২ মে) সৌদি আরবের মক্কা থেকে বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন।

এবার হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও দুটি বিদেশি এয়ারলাইন্স অংশ নেয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি কোটা ছিল ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটা ছিল ৭৩ হাজার ৯৩৫ জন। মোট ৬৬০টি এজেন্সি এবারের হজ কার্যক্রম পরিচালনা করছে।

সৌদি আরবের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী। মৃতদের মধ্যে ১৪ জন মক্কায় এবং ৭ জন মদিনায় মারা যান।

এদিকে হজযাত্রীদের চিকিৎসায় নিয়োজিত সৌদি মেডিকেল টিম শুক্রবার পর্যন্ত ৪৩ হাজার ৪৪০ জন বাংলাদেশিকে চিকিৎসা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন আরও ২০ হাজার ২৮৮ জন।

এর আগে ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে যাত্রা করে।

আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

৭৭ হাজার বাংলাদেশি,সৌদি আরবে পৌঁছেছেন,হজযাত্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত