অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৬:১৯ | অনলাইন সংস্করণ

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানো ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে আইনের শাসন নিশ্চিত করতে চায়। তবে যেকোনো অপরাধের বিচার ও শাস্তির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম-কানুন মেনেই এগোতে হয়।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা সড়ক অবরোধ করছে, যান চলাচল বন্ধ করে দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড আইনের শাসনের পথে বাধা সৃষ্টি করছে।
তারেক রহমান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ও দেশে কয়েকটি অন্যায় ঘটনা ঘটেছিল। তখন তিনি নিজে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন। বিএনপির চিকিৎসকরা চিকিৎসা সহায়তা এবং আইনজীবীরা আইনি সহায়তা দিয়েছিলেন। কিন্তু বর্তমানে যারা বিভিন্ন কর্মসূচি ও অবরোধ নিয়ে সরব, তাদের সে সময় মাঠে দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, যারা আজ বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতে চাইছে, তারা দেশের মানুষের কর্মসংস্থান, কৃষকের উন্নয়ন বা খাল খনন কর্মসূচি নিয়ে কথা বলে না। বরং অরাজকতা সৃষ্টি হলে পরিবার কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি কার্যক্রম ব্যাহত হবে এবং গ্রামীণ জনগণ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে।
প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ৫ আগস্ট যাদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছিল, বর্তমানে অস্থিরতা সৃষ্টিকারীদের সঙ্গে তাদের গোপন যোগাযোগ তৈরি হয়েছে। অতীতের মতো আবারও আঁতাতের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠা করেছে। এখন জনগণ নিজেদের ভাগ্যের পরিবর্তন চায়।
তারেক রহমান বলেন, জনগণের জীবনমান উন্নয়নে দেশের ২০ কোটি মানুষের কর্মশক্তিকে কাজে লাগাতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তুলে নতুন সেতু, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল নির্মাণের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়ন ও জীবনমান পরিবর্তনের কাজ করতে চায়। পাশাপাশি যারা ন্যায়বিচার বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
