অনলাইন সংস্করণ
১৭:৪৭, ২৩ মে, ২০২৬
গত ১৭ বছরে স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি হয়েছে কিনা, তা অনুসন্ধানে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সম্প্রতি এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা-১ অধিশাখা) মো. সামছুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব (জেলা পরিষদ শাখা) খোন্দকার ফরহাদ আহমদ, উপসচিব (সিটি করপোরেশন-১) মো. রবিউল ইসলাম, সিনিয়র সহকারী সচিব (পাস-৩) মোছা. আকতারুন নেছা, সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-১) তাহমিনা আক্তার এবং সিনিয়র সহকারী সচিব (উন্নয়ন-২) এ বি এম আরিফুল ইসলাম।
অফিস আদেশে বলা হয়েছে, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা, তা অনুসন্ধান করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। এ জন্য কমিটিকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে তারা অতিরিক্ত সদস্যও যুক্ত করতে পারবে।
শনিবার (২৩ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, গত ১৭ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর ও সংস্থায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।
প্রতিমন্ত্রীর দাবি, শুধু পিরোজপুর জেলাতেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২ হাজার ৪৬০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে ১ হাজার ৬১০টি প্রকল্পে কোনো কাজ না করেই কেবল দরপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় তৎকালীন স্থানীয় সংসদ সদস্য, নির্বাহী প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তা এবং পরিকল্পনা কমিশনের সচিবসহ অনেকের সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রাথমিক তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশনে মামলা করা হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও আলাদা কমিটি গঠন করে প্রতিবেদন নেওয়া হয়েছিল। সেই প্রতিবেদনের ভিত্তিতে দীর্ঘ দেড় বছর ধরে পিরোজপুরে উন্নয়নকাজ বন্ধ রয়েছে।
মীর শাহে আলম বলেন, দুদকের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এতে জেলার উন্নয়ন ব্যাহত হচ্ছে। পিরোজপুরের তিন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন, যাতে দুদকের তদন্তের বাইরে থাকা প্রকল্পগুলোর কাজ পুনরায় শুরু করা যায়। ঈদের পর সরেজমিন পরিদর্শনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব কার্যক্রমে কোনো দুর্নীতি বা অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই এই কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়কালও অনুসন্ধানের আওতায় থাকবে। প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই কিছু ফাইল অনুমোদন করেছিলেন, যা সরকারি কার্যবিধির পরিপন্থি। তবে তদন্তের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও তিনি উল্লেখ করেন।