ঢাকা শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

নতুন হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

নতুন হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোবাইব হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে। শনিবার (২৩ মে) এক আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।

এর আগে, ১৬ মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ইব্রাহীম খলিল আদালতে আবেদন করেন যাত্রাবাড়ী থানার ওই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার দেখানোর জন্য। সে সময় তার উপস্থিতিতে শুনানির জন্য ২৩ মে তারিখ ধার্য করা হয়।

গত ২০ মে দুই মামলায় সাবেক প্রধান বিচারপতির হাইকোর্ট দেওয়া জামিন আপিল বিভাগের চেম্বার আদালতে বহাল রাখা হয়। চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা এবং বন্দর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। পাশাপাশি প্লট জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনও তার বিরুদ্ধে মামলা করে।

নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। পরে একাধিক মামলায় জামিন পান এবং কিছু ক্ষেত্রে জামিন নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। এর মধ্যে যাত্রাবাড়ী ও মিরপুর থানার পৃথক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট ওই দুই মামলায় তাকে জামিন দেন।

সব মিলিয়ে একাধিক মামলা ও গ্রেপ্তার-জামিনের ধারাবাহিকতায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের আইনি পরিস্থিতি এখনো জটিল অবস্থায় রয়েছে।

খায়রুল হক গ্রেপ্তার,সাবেক প্রধান বিচারপতি,নতুন হত্যা মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত