রামিসা হত্যাকাণ্ডে ১ মাসের মধ্যে মৃত্যুদণ্ড নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৮:১৬ | অনলাইন সংস্করণ

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আগামী এক মাসের মধ্যেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার।

শনিবার (২৩ মে) বিকেলে অনুষ্ঠানে তিনি বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড মানুষের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ। বর্তমান সরকার কোনোভাবেই শিশু ও নারী নির্যাতন সহ্য করবে না।

তিনি আরও বলেন, “আগামী এক মাসের মধ্যেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, আর সেই সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”

তারেক রহমান বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং দেশের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নজরুলের জীবন ও কর্মকে আরও ব্যাপকভাবে বিশ্ব দরবারে তুলে ধরা প্রয়োজন। তার জীবনদর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এ সময় তিনি ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার বিষয়টি বিবেচনার আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি ৩ দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন ঘোষণা করেন এবং সবাইকে অন্যায়-অবিচার দূর করে একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করার আহ্বান জানান।