দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৬:২৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই। চাহিদার তুলনায় দেশে প্রায় ২১ লাখের বেশি পশু রয়েছে।
শনিবার (২৩ মে) রাত ৮টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডাচ ডেইরি ফার্ম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের চাহিদার তুলনায় পর্যাপ্ত গবাদিপশু মজুত থাকায় পাশের দেশ থেকে পশু আমদানির প্রয়োজন হবে না।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে কোরবানির জন্য ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার গবাদিপশু প্রস্তুত রয়েছে। অন্যদিকে এ বছর সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে প্রায় ১ কোটি ২ লাখ পশু। সে হিসেবে চাহিদার তুলনায় প্রায় ২১ লাখ ৩৪ হাজার পশু বেশি আছে। দেশের বাজার এখন আর বাইরের দেশের পশুর ওপর নির্ভরশীল নয়। আমাদের খামারিরা দেশের চাহিদা পূরণে সক্ষম।
দেশে আধুনিক ডেইরি খামারের সংখ্যা বাড়ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনেও এ খাত বড় ভূমিকা রাখবে। সরকার খামারিদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কৃষকদের মতো খামারিদেরও পরিচয়পত্র বা কার্ড দেওয়া হবে। পাশাপাশি তাদের ঋণসুবিধা নিয়েও আলোচনা চলছে।
তিনি আরও বলেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা শুধু দেশের চাহিদা পূরণ নয়, ভবিষ্যতে বিদেশে মাংস ও পশু রপ্তানির সক্ষমতা তৈরি করা। এ লক্ষ্যে খামারিদের আধুনিক প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
ডাচ ডেইরি ফার্ম পরিদর্শন শেষে তিনি শিমুলিয়ায় ‘প্রজেক্ট হিলশা’ পরিদর্শন করেন। পরে রাতের খাবার শেষে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রতিমন্ত্রী।
আবা/এসআর/২৬
