হামে প্রতিদিন গড়ে ৭ জনের বেশি মৃত্যু
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:৫৬ | অনলাইন সংস্করণ

দেশে হামের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৫১২ জন শিশুর মৃত্যু হয়েছে। গড়ে প্রতিদিন ৭ জনের বেশি শিশুর মৃত্যু হচ্ছে বলে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্রের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শনিবার নতুন করে ১৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, প্রতি মাসেই মৃত্যুর সংখ্যা আগের মাসের তুলনায় বেড়েছে। শুধু মে মাসের প্রথম ২২ দিনেই ২৩২ জনের মৃত্যু হয়েছে। এভাবে ৭০ দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি মানুষ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজারের বেশি।
তবে রোগীদের বয়স, সামাজিক অবস্থা বা চিকিৎসা ব্যবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ না করায় পরিস্থিতি বিশ্লেষণে সীমাবদ্ধতা রয়েছে বলে অভিযোগ উঠেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইসিইউ বা ভেন্টিলেটর বাড়ালেই মৃত্যু কমবে না; বরং শিশুদের জন্য পৃথক আইসিইউ, পর্যাপ্ত অক্সিজেন ব্যবস্থা এবং কমিউনিটি পর্যায়ে আলাদা চিকিৎসা ব্যবস্থা জরুরি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের বিস্তার রোধে দেশব্যাপী টিকাদান কার্যক্রম চালানো হয়েছে এবং লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে।
তবে বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সমন্বিত উদ্যোগ এবং কার্যকর চিকিৎসা ব্যবস্থাপনা প্রয়োজন।
