প্রাণিসম্পদমন্ত্রী

এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৯:৫৯ | অনলাইন সংস্করণ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারা দেশে প্রায় ১ কোটি পশু কুরবানি হতে পারে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিনুর রশিদ। তিনি বলেন, কুরবানিকে ঘিরে যে অর্থ`নীতি সঞ্চালিত হয় তা সারা দেশের মানুষের উপকারে আসে।

মঙ্গলবার (২৬ মে) সকালে কুমিল্লা নগরীর নেউরা কুরবানির পশুর হাট পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এবারের ঈদের বাজার অন্যান্যবারের তুলনায় নিরাপদ রয়েছে। প্রান্তিক চাষি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত কুরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য যাতে নিরাপদ হয় সেজন্য সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে। এখনো পর্যন্ত কোথাও থেকে কোন ধরনের  অনিরাপত্তা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। এবারের বাজারে অবৈধভাবে আসা পশুও চোখে পড়েনি।

তিনি আরও বলেন, আমরা বাজারগুলোতে ভেটেরেনারি টিম, জাল টাকা প্রতিরোধ ও চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনিক-আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের থাকা নিশ্চিত করেছি।

হাট পরিদর্শনের সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামসুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।