রাজধানীতে বাস উল্টে নিহত ১
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৭:৪২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নর্দা এলাকায় এক বাসের পেছন থেকে অপর একটি বাস ধাক্কা দিয়ে উল্টে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। এছাড়া, এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ মে) সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল ছয়টার দিকে নর্দা এলাকায় একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে উল্টে দেয় আরেকটি বাস। এতে সামনে থাকা বাসটির পেছন দিকের ডান পাশের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ওই বাসটির এক যাত্রী নিহত এবং ১২ জনের মতো আহত হয়। এছাড়া পেছন থেকে ধাক্কা দেওয়া বাসটি আইল্যান্ডের ওপর উল্টে যায়।
সোয়া ছয়টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া অন্তত ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পর সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আবা/এসআর/২৬
