তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় নুরুন্নাহার নিম্নির
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১১:৩৭ | অনলাইন সংস্করণ

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী নুরুন্নাহার নিম্মি। এর মাধ্যমে তিনি এভারেস্টজয়ী তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে ইতিহাসে নাম লেখালেন।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সভাপতি ইকরামুল হাসান শাকিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ক্লাবটির সভাপতি ইকরামুল হাসান শাকিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় ওঠেন নুরুন্নাহার নিম্মি। অভিযান ব্যবস্থাপনা সংস্থা ‘8K Expedition’-এর পক্ষ থেকে অ্যাঙ তেম্বা শেরপা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন।
চূড়ান্ত আরোহণের লক্ষ্যে গত ২৫ মে নিম্নি ক্যাম্প-২ (৬,৪০০ মিটার) থেকে যাত্রা শুরু করেন এবং রাতে ক্যাম্প-৩ (৭,২০০ মিটার) এ অবস্থান করেন। ২৬ মে ভোরে তিনি ক্যাম্প-৩ থেকে রওনা হয়ে দুপুর আড়াইটা নাগাদ ক্যাম্প-৪ এ পৌঁছান। সেখানে সন্ধ্যা পর্যন্ত প্রয়োজনীয় বিশ্রাম নেওয়ার পর তিনি চূড়ার উদ্দেশ্যে তাঁর চূড়ান্ত অভিযান শুরু করেন। সারারাত দুর্গম ও প্রতিকূল পথ পেরিয়ে আজ ভোরে তিনি এভারেস্টের শীর্ষবিন্দুতে পৌঁছান এবং পরম গৌরবে বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরেন। তার সাথে ছিল দাওয়া নুপু শেরপা ও লাকপা থিনদুক শেরপা।
এর আগে গত ১১ এপ্রিল নেপালের উদ্দেশে ঢাকা ছাড়েন নুরুননাহার নিম্নি। তার এভারেস্ট অভিযান পরিকল্পনা করে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পন্সর করে পূবালী ব্যাংক পিএলসি।
নিম্নির এই অনন্য কৃতিত্বে বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো।
