আদ্-দ্বীনে শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১২:৪৬ | অনলাইন সংস্করণ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৩০ মে) সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে, ৩ জুন দেওয়া হবে প্রতিবেদন। কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া যায়নি, তাই আজ দেওয়া হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।
তিনি বলেন, জানা গেছে এসি ২ ঘণ্টা বন্ধ ছিল এবং সেটা রাত ২টা থেকে ৪টা পর্যন্ত, এসময় কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না।
মন্ত্রী আরও জানান, তদন্ত প্রতিবেদনে যদি কোনো ধরনের গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া যায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, গত বুধবার (২৭ মে) রাতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ছয় শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একজন শিশুর পরিবারের পক্ষ থেকে রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
