ঢাকাসহ সব বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১২:৫৯ | অনলাইন সংস্করণ

ঢাকাসহ দেশের ৮ বিভাগেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার (৩০ মে) আবহাওয়া অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি উত্তর বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে , ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।
আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা গোপালগঞ্জে ৩৯ মিলিমিটার।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।
