শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান: ভারতীয় হাইকমিশন
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১৩:১৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। বিবৃতিতে জিয়াউর রহমানকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করা হয়েছে।
শনিবার (৩০ মে) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ শ্রদ্ধা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তাঁর কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাঁদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।
ভারতীয় হাইকমিশন আরও উল্লেখ করে, আজও, তখনকার মতোই, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।
