দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১৩:৫৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ-সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।
অনুষ্ঠানে দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে বস্ত্র বিতরণের পাশাপাশি খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন করা হয়।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত মানবিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ১৬টি স্থানে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পালিত হচ্ছে। এসব কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
উল্লেখ্য, আজ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী।
এ উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, বিশেষ পোস্টার প্রকাশ, আলোচনা সভা, দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী এবং অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ।
