হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১৭:০২ | অনলাইন সংস্করণ

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৮৬ জন শিশু।
শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ শিশু। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯০ শিশুর। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৫৮৩ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬১২ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৯৯৬ জন।
