ঢাকা শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরব থেকে ফিরতি প্রথম ফ্লাইট আজ শনিবার ঢাকায় পৌঁছেছে।

শনিবার (৩০ মে) সকাল ১০টা ৩৫ মিনিটে জেদ্দা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৩৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফিরে আসা হাজিদের বিমানবন্দরে ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে স্বাগত জানানো হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ তাদের অভ্যর্থনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিমানের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা (ডিসিইও) সৈয়দ মইন উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত পরিচালক (গ্রাহকসেবা) মহিউদ্দিন আহমেদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফেরত আসা হাজিদের বিমানবন্দরে ফুল ও পবিত্র জমজমের পানির বোতল উপহার দেওয়া হয়। একইসঙ্গে সৌদি এয়ারলাইন্সের হজযাত্রীদেরও ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

জানা গেছে, চলতি হজ মৌসুমে ৯৮টি ফ্লাইটের মাধ্যমে ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এদিকে ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত হজ-পরবর্তী কার্যক্রমের আওতায় ১০৬টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে হজ ফেরত কার্যক্রমে সময়নিষ্ঠ, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

হজযাত্রীদের সর্বশেষ ফ্লাইট-সংক্রান্ত তথ্য জানতে বিমানের কল সেন্টার (১৩৬৩৬), সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা বিমানের ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশি হাজি,সৌদি আরব,বিমান বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত