ঢাকা রোববার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদের ছুটি শেষ হচ্ছে আজ, রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ

ঈদের ছুটি শেষ হচ্ছে আজ, রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস। তাই ছুটির শেষ দিনে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ট্রেনযোগে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়ে রোববার (৩১ মে) সকাল থেকেই সরগরম ছিল কমলাপুর রেলস্টেশন।

স্টেশন ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ট্রেন ঢাকায় পৌঁছাচ্ছে। তবে এবার ফিরতি যাত্রায় অতিরিক্ত ভিড়ের চিত্র দেখা যায়নি। অধিকাংশ যাত্রী স্বস্তিতেই রাজধানীতে ফিরেছেন।

ফেরত আসা যাত্রীরা জানান, বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়েই যাত্রা শুরু করলেও কিছু ট্রেন গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হয়েছে। বিশেষ করে নেত্রকোনা, জামালপুর ও ময়মনসিংহ রুটের কয়েকটি ট্রেন দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত দেরিতে ঢাকায় পৌঁছেছে।

যাত্রীদের অভিযোগ, সিঙ্গেল লাইনের কারণে পথে বিভিন্ন স্টেশনে ট্রেন ক্রসিংয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে। ফলে সময়মতো ছাড়লেও গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হয়েছে।

তবে ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী না থাকায় যাত্রা ছিল তুলনামূলক আরামদায়ক। অনেকেই জানিয়েছেন, এবার ফিরতি পথে দাঁড়িয়ে বা ঝুঁকি নিয়ে ভ্রমণ করতে হয়নি।

রেলওয়ে সূত্র জানিয়েছে, রোববার দেশের বিভিন্ন গন্তব্য থেকে ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৩টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেনসহ মোট ৬৬টি ট্রেন যাত্রী নিয়ে ঢাকায় ফিরবে।

এদিকে সোমবার থেকে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু হবে। প্রতিদিন একটি করে বিশেষ ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদ উপলক্ষে ২৫ মে থেকে শুরু হওয়া টানা সাত দিনের সরকারি ছুটি রোববার শেষ হচ্ছে। সোমবার থেকে স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরবে রাজধানী।

ঈদুল আজহা,ছুটি শেষে,অফিস,রাজধানী,কর্মমুখী মানুষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত