সোমবার খুলছে অফিস-আদালত-ব্যাংক, টার্মিনালগুলোতে মানুষের ঢল

প্রকাশ : ৩১ মে ২০২৬, ২২:২৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। ছুটি শেষে আগামীকাল থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন। ছুটি শেষে রাজধানীতে ফেরার জনস্রোতে বিকেল থেকেই সরগরম হয়ে ওঠেছে প্রধান বাস টার্মিনালগুলো।

ঈদুল আজহার ছুটি শেষে রোববার (৩১ মে) সকাল থেকেই রাজধানীমুখী যাত্রায় নেমেছেন হাজারো কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফেরা যাত্রীদের কারণে গাবতলী, সায়েদাবাদ ও কল্যাণপুর বাস টার্মিনালে ছিল স্বাভাবিক ব্যস্ততা। তবে এবার ফিরতি যাত্রা তুলনামূলকভাবে শান্ত ও নিয়ন্ত্রিত ছিল বলে জানিয়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা। কোথাও অতিরিক্ত ভিড়, দীর্ঘ যানজট বা বড় ধরনের ভোগান্তির পরিস্থিতি তৈরি হয়নি।

ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিন অনেকেই কর্মঘণ্টার একটা বড় অংশ সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করে কাটাবেন।

গত ২৮ মে দেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। ঈদুল আজহা উপলক্ষে আগে থেকেই ৬ দিন ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার।

 

আবা/এসআর/২৬