সৌদি আরবে আরও ৪ বাংলাদেশি হাজির মৃত্যু
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১১:৪৭ | অনলাইন সংস্করণ

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও চারজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে দেশটির পবিত্র নগরীগুলোতে মোট ৪১ জন বাংলাদেশি হাজির মৃত্যু হলো।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।
বুলেটিন অনুযায়ী, মৃত্যুবরণকারী ৪১ হাজির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩০ জন এবং মদিনায় ১১ জন মারা গেছেন।
অন্যদিকে, রোববার (৩১ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত ২৮টি ফিরতি ফ্লাইটে মোট ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৫৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৬০ জন রয়েছেন।
হজযাত্রীদের ফিরিয়ে আনতে এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি, সৌদি এয়ারলাইন্স ৮টি এবং ফ্লাইনাস ১৪টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ১৭৯ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ২৬২ জন হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
