আমি সব সদস্যরাষ্ট্রের সভাপতি হব : খলিলুর রহমান
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৭:৫৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ব্যক্তিগত মতামত বা পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে বিশ্বমঞ্চে সব সদস্যরাষ্ট্রের সমান প্রতিনিধি হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার (২ জুন) নির্বাচনে বিজয়ের পর জাতিসংঘ সদর দফতরে দেওয়া বক্তব্যে নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমান এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘‘তিনি বিশ্বমঞ্চে কোনো নির্দিষ্ট পক্ষের নয়, বরং সমস্ত সদস্য রাষ্ট্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। নিজের দায়িত্বকালীন সময়ে সকল সদস্য দেশকে সমানভাবে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ব্যক্তিগত কোনো মতামতকে তিনি প্রেসিডেন্ট অব দ্য জেনারেল অ্যাসেম্বলি (পিজিএ) হিসেবে নিজের পেশাগত কাজে বিন্দুমাত্র হস্তক্ষেপ করতে দেবেন না।
জাতিসংঘের ওপর বিশ্ববাসীর আস্থা পুনর্প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দিয়ে নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে ছয়টি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে কাজ এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন। তিনি উল্লেখ করেন, জাতিসংঘ এমন এক সময়ে এসে তার নবম দশকে পদার্পণ করছে, যখন বিভিন্ন দিক থেকে এই বিশ্ব সংস্থার কার্যকারিতা ও আস্থার জায়গাটি বড় ধরনের পরীক্ষার সম্মুখীন। যে সংস্থার মূল লক্ষ্যই ছিল পরবর্তী প্রজন্মকে সংঘাত আর যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করা, বর্তমান সময়ে এসেও সেই যুদ্ধ ও সংঘাত বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে অবর্ণনীয় দুর্ভোগের মুখে ফেলছে।
খলিলুর রহমান তাঁর বক্তব্যে বিশ্ব রাজনীতির বর্তমান সংকটের কথা তুলে ধরে বলেন, বহুপাক্ষিকতা যখন নানাবিধ প্রতিকূল চাপের মুখে রয়েছে এবং আর্থিক সংকটের কারণে সংস্থাটি তার সুনির্দিষ্ট প্রতিশ্রুতিগুলো পূরণে ব্যর্থ হচ্ছে, ঠিক তখনই এই বৈশ্বিক সংকটগুলো দৃশ্যমান হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নিজের কাজের প্রতি সম্পূর্ণ একাগ্র থাকার দৃঢ় প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে জাতিসংঘে যেসব দেশের প্রতিনিধিদল বা মিশন আকারে ছোট, তাদের সহায়তার জন্য একটি বিশেষ দল গঠন করাকে তিনি নিজের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করবেন বলে জানান।
জাতিসংঘের কর্মকাণ্ডে জনমানুষের আস্থা বাড়াতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জাতিসংঘের সাফল্যগাথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম গণমাধ্যম। তিনি সাংবাদিকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং তার দরজা সবসময় উন্মুক্ত থাকবে বলেও উল্লেখ করেন।
আবা/এসআর/২৬
