ঈদযাত্রার ১৩ দিনে সড়কে ঝরল ২৮১ প্রাণ, আহত ৮৩৭
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১২:০১ | অনলাইন সংস্করণ

ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের সড়কগুলোতে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। ঈদের আগে ও পরে ১৩ দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮৩৭ জন। হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন ২২ জন।
বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির তথ্য অনুযায়ী, গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশে মোট ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৪১টি ছিল মোটরসাইকেল দুর্ঘটনা, যাতে নিহত হয়েছেন ১২৪ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ে দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং ৩৩ জন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনার পাশাপাশি নৌ ও রেলপথেও প্রাণহানির ঘটনা ঘটেছে। ১৩টি নৌপথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ২২টি রেলপথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন এবং আহত হয়েছেন ৯ জন।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, এ সময়ে দুর্ঘটনায় মোট ৫০৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ৭৯ টি বাস, ট্রাক ৬১, কাভার্ডভ্যান ১১, পিকআপ ২৪, ট্রলি ৫, লরি ২, ড্রাম ট্রাক ৭, ফায়ার ব্রিগেডের গাড়ি ১, গ্যাসবাহী লরি ১, মাইক্রোবাস ৫, প্রাইভেটকার ১১, অ্যাম্বুলেন্স ৪, পাজেরো জীপ ২, মোটরসাইকেল ১৫৭, থ্রি-হুইলার ৯৩ (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান), স্থানীয়ভাবে তৈরি যানবাহন ১৮ (নসিমন-ভটভটি-মাহিন্দ্র), প্যাডেল রিকশা-বাইসাইকেল ১২ এবং অজ্ঞাত যানবাহন ১৪টি।
