ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

একসঙ্গে দুই দায়িত্বে থাকার ইঙ্গিত দিলেন পররাষ্ট্রমন্ত্রী

একসঙ্গে দুই দায়িত্বে থাকার ইঙ্গিত দিলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করবেন। আজ (বৃহস্পতিবার) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমন ইঙ্গিত দেন খলিলুর রহমান।

একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দা‌য়িত্ব পালনের প্রশ্নে খ‌লিলুর রহমান বলেছেন, ‘এর নজির রয়েছে।’

মন্ত্রী থাকা অবস্থায় নজিরবিহীন এমন ছুটির পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। কিন্তু সভাপতি নির্বাচিত হওয়ার পর এখন জানা যাচ্ছে যে, তিনি দু'টি দায়িত্বই পাশাপাশি পালন করবেন।

বৃহস্পতিবার দেশে ফিরে সন্ধ্যায় খলিলুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেন। সেই বৈঠকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানানো হয়।

বিশ্লেষকরা বলছেন, সরকারের মন্ত্রিসভায় থেকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিধিগতভাবে কোনো বাধা নেই। অতীতে বিভিন্ন দেশে এ ধরনের নজির রয়েছে বলেও জানা যাচ্ছে।

এক প্রশ্নের জবাবে খ‌লিলুর রহমান বলেন, চাকরি ছাড়ব কি না এটাই তো? না না, ছুটি নেব কি না? ভাই, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। এর নজির রয়েছে। আজ থেকে ৪০ বছর আগে, হুমায়ূন রশীদ চৌধুরী সাহেব আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

তি‌নি ব‌লেন, আমি তার একান্ত সচিব ছিলাম এবং তার সঙ্গে আমরা কাজ করেছি। উনি দুই পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। ওই সময়টা ছিল ইন্টারনেট-পূর্ব যুগ। কিন্তু আজকে আপনি নিরবচ্ছিন্নভাবে দুটো কাজই একসঙ্গে করতে পারেন। এটা এখন খুব স্বাভাবিক।

আবা/এসআর/২৬

পররাষ্ট্রমন্ত্রী,দায়িত্ব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত