তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী বাংলাদেশ
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১৫:১২ | অনলাইন সংস্করণ

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আগ্রহের কথা তুলে ধরেন।
এসময় শিক্ষা ও স্বাস্থ্যখাতে আঙ্কারার সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে এবং রোহিঙ্গা শিবিরগুলোতে চিকিৎসা সহায়তা জোরদারের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত চুক্তি সই হয়। বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন। এছাড়া সফরের অংশ হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেরও কথা রয়েছে তাদের।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং দুই দেশের ঊর্ধ্বতন কূটনীতিকরা।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেন খলিলুর রহমান। ঢাকায় এটি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ফিরতি সফর। কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকালে তিনি সরকারের নীতিনির্ধারকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও বৈঠক করতে পারেন। এছাড়া আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে।
