
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সের ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশনের কন্টেইনারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার মধ্যে প্রাথমিক প্রতিদেবন দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় শুক্রবার (৫ জুন) রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি জানান, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
গত বছরের ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময়ে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকে। তখন আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
আবা/এসআর/২৬