ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

১১ জুন বাজেট পেশ এবং ১৫ জুন সম্পূরক বাজেট পাস : চিফ হুইপ

১১ জুন বাজেট পেশ এবং ১৫ জুন সম্পূরক বাজেট পাস : চিফ হুইপ

আগামী ১১ জুন সংসদে বাজেট পেশ হবে এবং ১৫ তারিখ বিকেলে সম্পূরক বাজেট পাস হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, ১৬ জুন থেকে বাজেট আলোচনা শুরু হবে। সেদিন থেকে সকাল বিকাল সংসদ অধিবেশন হতে পারে। ৩০ তারিখের মধ্যে বাজেট পাস করতেই হবে। এরপর প্রেসিডেন্টের কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হবে। বাজেটের নিয়ম গেজেট হতে হবে রাত ১২টার আগে।

নুরুল ইসলাম মনি বলেন, ৩০ লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে এ সরকার যাত্রা শুরু করেছে। কিন্তু এ সরকারের আন্তরিকতা এবং চুরি না করার কারণে দেশে একটি নরমাল অবস্থা আছে। চুরি-দুর্নীতি বন্ধ করা নিয়ে সভায় আলোচনা হয়েছে। আমলাতন্ত্রের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই সবসময়। সবাই আটকা পড়ে আমলাতন্ত্রে। মানুষ যেন নির্বিঘ্নে সব কাজ করতে পারে সে চেষ্টা চলছে।

চিফ হুইপ জানান, সংসদীয় দলের সভায় মন্ত্রণালয়গুলোর কাজের অগ্রগতি এবং ১২০ দিনে কী কী কাজ করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হয়েছে। তিনি জানান, যে শিক্ষা কাজ শেখাবে এবং সত্যিকার অর্থেই শিক্ষিত করবে এমন কারিকুলাম চালু করতে বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতের মিড-ডে মিল চালু করারও নির্দেশনা দেন।

তিনি বলেন, দেশে চাঁদাবাজ-মাদকের কোনো জায়গা হবে না। যে বা যারা এমন কার্যক্রম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, খুব শিগগিরই সেটি দেখতে পাবেন। দলের হলেও কোনো মাফ হবে না। প্রধানমন্ত্রীও এতে সায় দিয়েছেন। সব ধরনের ক্রাইম বিশেষ করে জুয়া বন্ধে কার্যক্রম নেয়া হচ্ছে। নির্বাচনি এলাকায় সরকারপ্রণীত কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না সেদিকে দৃষ্টি রাখতে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নুরুল ইসলাম মনি জানান, সংবিধান সংশোধনে একটি কমিটি করার চেষ্টা করছি। যুগোপযোগী করতে এবং মানুষের চাহিদা পূরণে সংবিধান সংশোধন করা হয়। সংবিধান সংশোধন ছাড়া কোনো পথ নেই, সেকারণেই বিরোধী দল কমিটিতে নাম দেবে বলে বিশ্বাস।

আবা/এসআর/২৬

বাজেট,পাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত