বাজেট অধিবেশনে ১৯১ প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১৭:৫৮ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (২০২৬ সালের বাজেট অধিবেশন) আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে। এ অধিবেশনে সংসদ সদস্যদের ১৯১টি প্রশ্নের উত্তর দেবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধিবেশন শুরুর আগে আজ (রোববার, ৭ জুন) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিন বিকেল তিনটার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শোক প্রস্তাবের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
গতকাল (শনিবার, ৬ জুন) সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, ১১ জুন বাজেট উপস্থাপন করা হবে। ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাশ হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে। ৩০ জুন বাজেট পাশ করতে হবে বলে জানান চিফ হুইপ।
সংসদের কার্য উপদেষ্টা কমিটির এ বৈঠকে কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি অংশগ্রহণ করেন। বৈঠকে আরও অংশগ্রহণ করেন- কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান এমপি, ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি, গয়েশ্বর চন্দ্র রায় এমপি, চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি, বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, এ টি এম আজহারুল ইসলাম এমপি, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি এবং মুহাম্মদ নওশাদ জমির এমপি।
