প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন আজ, দিনব্যাপী কর্মসূচি

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৬:৪৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ শনিবার (১৩ জুন) কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান। এই সফরে তিনি একাধিক সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। 

সফরসূচি অনুযায়ী, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। কক্সবাজার পৌঁছে তিনি পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন অনুষ্ঠানের উদ্দেশে যাত্রা করবেন।

সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে আয়োজিত পথসভায়ও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এরপর তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। পরে মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন করবেন।

সফরের পরবর্তী অংশে প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলার উদ্দেশে রওনা হবেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪–এ কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

একই এলাকায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করার কথা রয়েছে।

বিরতির পর বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত রাজনৈতিক জনসভায় যোগ দেবেন তিনি। সেখানে দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দিনের শেষ কর্মসূচি হিসেবে কক্সবাজারের লং বিচ হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার মাধ্যমে তার সফর শেষ হবে।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে জেলায় সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রত্যাশার কথাও জানাচ্ছেন তারা।

 

আবা/এসআর/২৬