প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১২:১১ | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি আয়োজিত জাতীয় বাজেট ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক আলোচনায় তিনি এ তথ্য জানান। 

মনি বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দিয়েছে সরকার। পাশাপাশি অব্যাহত রাখা হয়েছে প্রয়োজনীয় ভর্তুকি সহায়তাও। 

তিনি জানান, জ্বালানিতে স্বয়ংসম্পন্ন হতে অচিরেই নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিস্তৃত কর-সুবিধা ঘোষণা করা হতে পারে। 

নুরুল ইসলাম মনি আরও বলেন, টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প শক্তির উৎস ব্যবহারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার পাশাপাশি উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনা দেওয়ার উদ্যোগও অব্যাহত রয়েছে। 

তিনি জানান, রাষ্ট্রীয় পর্যায়ে সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণের অংশ হিসেবে সরকারি ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে চলছে এবং এর সুফল খুব শিগগিরই দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।