এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২২:২৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডা. এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই পদের বিপরীতে তার উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দিতে বলেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত এই চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন ছিলেন।

আদেশে বলা হয়, ‘বিধি বহির্ভূত’ বিবেচিত হওয়ায় ২০২৪ সালের ২০ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম সভায় অধ্যাপক আব্দুল্লাহকে অধ্যাপক এমিরেটাস (আজীবন) হিসেবে যে নিয়োগ দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে।

একই সঙ্গে এ আদেশে ওই সভার তারিখ থেকে অধ্যাপক এমিরেটাস হিসেবে নেওয়া তার বেতন-ভাতাদি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক এ বি এম আবদুল্লাহ এক ভিডিও বার্তায় বলেন, আমি একটা চিঠি পেয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা করেছে, অন্যায় করেছে। আমার ওপর অবিচার করেছে। কোথাও এভাবে ইমেরিটাস অধ্যাপকের মতো সম্মানজনক পদ ছিনিয়ে নেয়ার নজির নেই। তারা আমাকে দুই বছর হয়ত ১০-১৫ হাজার টাকা দিয়েছে, সেটাও আবার ফেরত চাচ্ছে।

তিনি আরও বলেন, আমি ৫০ বছর যাবত চিকিৎসাসেবা দিয়ে আসছি। আমার ছাত্ররা স্বনামখ্যাত অধ্যাপক। জীবনের শেষ সময়ে এসে এমন আচরণ প্রত্যাশিত নয়। কারা, কী কারণে (এটি) করছে, তারাই জানে।

তিনি জানান “প্রতিহিংসা থেকে আমার নিয়োগ তারা বাতিল করেছে। এটা আজীবনই হয়, তারা এমন করতে পারে না। তারা বেতন ফেরত চেয়ে সবচেয়ে নিচু মানসিকতার পরিচয় দিয়েছে।"

এ বিষয়ক আদেশে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেছে, ২০২৪ সালের ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী- ২০ জুন সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশন সভার (আলোচ্যসূচী সিন্ডি.৯২.৬ এমিরেটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশোধন) আলোচ্যসূচীর বর্হিভূত, কিন্তু কার্যবিবরণী লিপিবন্ধ। ৯২তম সিন্ডিকেট সভায় সিন্ডিকেটের একজন সদস্যের প্রস্তাবে প্রেক্ষিতে এমিরেটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করা হয়।

“একই সিন্ডিকেটে ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করে পুনরায় অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ এর নিয়োগ (আজীবন) দেয়া হয়, যা বিধি বহির্ভূত। একই সিন্ডিকেট অধ্যাদেশ সংশোধন করে নিয়োগ অনুমোদন করা যায় না।“

উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ ডিসেম্বর এই মেডিসিন বিশেষজ্ঞ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

আবা/এসআর/২৬